বিশ্বজুড়ে শিশুদের ম্যালেরিয়া নিরাময়ে নতুন অধ্যায় শুরু

ছবি- সংগৃহীত
ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের প্রাণ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই প্রথমবারের মতো সবচেয়ে নবজাতক শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ম্যালেরিয়ার ওষুধের অনুমোদন দিয়েছে সংস্থাটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে বিশ্বজুড়ে ম্যালেরিয়া নিরাময়ে এক নতুন অধ্যায় শুরু হলো।
দীর্ঘদিন ধরে ম্যালেরিয়ায় আক্রান্ত নবজাতক বা ছোট শিশুদের জন্য কোনো সুনির্দিষ্ট ও নিরাপদ ওষুধ ছিল না। বাধ্য হয়ে চিকিৎসকরা বড় শিশুদের জন্য তৈরি ওষুধই ছোটদের দিতেন, যা ডোজের ভুল বা পার্শ্বপ্রতিক্রিয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করত। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ম্যালেরিয়ায় মৃত ৬ লাখ ১০ হাজার মানুষের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ছিল আফ্রিকার পাঁচ বছরের কম বয়সী শিশু। বিশেষ করে ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি ছিল সবচেয়ে বেশি।
বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন এই ওষুধ 'কোর্টেম বেবি' এই শূন্যতা পূরণ করবে। এটি ২ কেজি (৪.৪ পাউন্ড) ওজনের শিশুর জন্যও নিরাপদ। শিশুদের সহজে খাওয়ানোর জন্য এটি মিষ্টি চেরি-স্বাদের ট্যাবলেট আকারে তৈরি করা হয়েছে, যা পানি বা মায়ের দুধের সঙ্গে মিশিয়ে অনায়াসে খাওয়ানো যাবে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেয়েসুস এই অর্জনকে গল্প বদলানোর শুরু হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, শতাব্দী ধরে ম্যালেরিয়া শিশুদের জীবন কেড়ে নিয়ে সমাজকে আশা ও সম্পদহীন করে তুলেছে। তবে নতুন ভ্যাকসিন, উন্নত ডায়াগনস্টিক এবং এই আধুনিক চিকিৎসার সমন্বয়ে এখন ম্যালেরিয়া জয়ের স্বপ্ন দেখা সম্ভব।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









