কোরবানির ঈদ মানেই গরুর মাংসের নানা পদের বাহারি আয়োজন। তবে স্বাদের এই উৎসবে অসাবধানতাবশত কিছু খাবারের ভুল সংমিশ্রণ ডেকে আনতে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, গরুর মাংস ও দুধ দুটিতেই উচ্চমাত্রার প্রোটিন থাকে। একসঙ্গে অতিরিক্ত প্রোটিন শরীরে প্রবেশ করলে পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। ফলে হজমে সমস্যা, গ্যাস, বুক জ্বালাপোড়া ও কোষ্ঠকাঠিন্যের মতো জটিলতা দেখা দিতে পারে।

ঈদের খাবারের টেবিলে মাংসের পর পায়েস, ফিরনি, পুডিং বা মিষ্টিজাতীয় ডেজার্ট খাওয়ার প্রবণতা অনেকেরই রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, মাংস খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর এসব দুগ্ধজাত খাবার খাওয়াই নিরাপদ।

বিশেষজ্ঞদের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে লিভারের ওপর চাপ বাড়তে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, ত্বকের সমস্যা এমনকি পেটের আলসারের ঝুঁকিও তৈরি হতে পারে।

তাই ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি খাবারের ব্যাপারেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর ভুলবশত ভারী খাবারের সঙ্গে দুগ্ধজাত খাবার খেয়ে ফেললে কিছুক্ষণ হাঁটাচলা করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এনজি