দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজনের মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৮৮ শিশুর।

মঙ্গলবার ( ২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে সবচেয়ে বেশি ৩৬৬ শিশু। এরপর রয়েছে চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ জন।

চলতি বছরের ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। এ সময় মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন।

প্রাইমটিভি/এনজি