কঙ্গোতে ইবোলা আতঙ্ক, সন্দেহভাজন মৃত্যু বেড়ে ২২০

ছবি- সংগৃহীত
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো-তে ইবোলার প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। রোগ শনাক্তে বিলম্ব হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি। খবর আল জাজিরা।
ডব্লিউএইচও প্রধান বলেন, জরুরি ভিত্তিতে কার্যক্রম বাড়ানো হলেও মহামারি এখন সংস্থাটির সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তিনি কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে সোমবার উগান্ডা আরও দুইজন ইবোলা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে। ফলে দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, কঙ্গোতে নজরদারি জোরদারের ফলে এখন পর্যন্ত ৯০০ জনের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।
ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে ছড়ায়। এ রোগে তীব্র রক্তক্ষরণ, অঙ্গ বিকলসহ নানা জটিলতা দেখা দিতে পারে। প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলাব্যথা। এখনো এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি।
সম্প্রতি কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়, যা পরে আশপাশের প্রদেশগুলোতেও ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে ডব্লিউএইচও বিরল বান্ডিবুগিও ধরনের ইবোলা প্রাদুর্ভাবকে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে। এরপর থেকেই কঙ্গো ও উগান্ডার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া দুই আক্রান্তই রাজধানী কাম্পালা-র একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী এবং তারা উভয়ই উগান্ডার নাগরিক।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









