আমরা টাকা নিয়ে ঘুরিনি, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে আদ-দ্বীন

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল । প্রাইম টিভি
স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেন, মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়।
সোমবার (১৫ জুন) মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শেখ মহিউদ্দিন জানান, লাইসেন্স বাতিলের প্রতিবেদনে ভেন্টিলেশন ব্যবস্থার ঘাটতির কথা উল্লেখ করা হলেও হাসপাতালের পুরো ভেন্টিলেশন সিস্টেম নতুনভাবে সংস্কার করা হচ্ছে। তিনি আরও বলেন, হাসপাতালে আগে থাকা বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ ঘোষণার পর নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রয়েছে।
তবে বেশ কয়েকজন সংকটাপন্ন রোগী এখনো চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলেও জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
এর আগে গত শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবে লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, কিছু রাজনৈতিক দলের নেতারা এখন আদ্-দ্বীনের পক্ষে অবস্থান নিচ্ছেন।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত প্রতিবেদনে হাসপাতালের চরম অবহেলা, জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি এবং চিকিৎসক উপস্থিত না থাকার বিষয়টি উঠে আসে।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে স্বাস্থ্য অধিদফতর। ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে কেন লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। পরে শোকজের জবাব পাওয়ার পর ১১ জুন লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








