দেশে হামের ভয়াবহতা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ছয়জন ঢাকায় এবং একজন বরিশালে মারা গেছে। একই সময়ে আক্রান্ত ৮৮৭ শিশুর মধ্যে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৮৪ শিশু। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

একই সময়ে সারাদেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯ শিশুর। এর মধ্যে ১০ হাজার ৯৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ৯৭০ শিশু।

হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রাইমটিভি/এনজি