বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রেন্ডান লিঞ্চ। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার (০৫ মে) শুরু হওয়া এই সফর চলবে ৭ মে পর্যন্ত। সফরকালে তিনি বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের মধ্যে একটি কার্যকর বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়টি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের বাজারে প্রবেশ প্রক্রিয়া সহজ করা, বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই অংশীদারিত্ব দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শ্রম অধিকার ও সামগ্রিক বাণিজ্য পরিবেশ উন্নয়ন নিয়েও আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগিতার একটি নতুন রূপরেখা তৈরি হতে পারে।