গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট এলাকায় নতুন টাকার বান্ডিল বিক্রি নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। সারি সারি সাজানো থাকলেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না থাকায় হতাশ দোকানিরা। ক্রেতা এলেও অতিরিক্ত দামের কারণে অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন।

সোমবার (২৫ মে) রাজধানীর এই এলাকায় সরেজমিনে দেখা যায়, ফুটপাত ও মার্কেটের সামনে নতুন নোটের বান্ডিল বিক্রির একাধিক দোকান বসেছে। ক্রেতা দেখলেই বিক্রেতারা ডাকাডাকি করছেন, তবে বিক্রি খুবই সীমিত।

ক্রেতাদের অভিযোগ, নতুন নোটের বান্ডিল নিতে হলে স্বাভাবিক মূল্যের তুলনায় অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। বিভিন্ন মূল্যমানের নোটের ক্ষেত্রে বান্ডিলভেদে কয়েকশ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে।

দোকানিরা বলছেন, নিজেরাও বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিক্রি কম থাকায় আয়ও কমে গেছে বলে জানান তারা।

নতুন নোট কিনতে আসা সাধারণ মানুষ জানান, ঈদ উপলক্ষে বা ঘরোয়া প্রয়োজনে নতুন নোট নিতে এলেও অতিরিক্ত দামের কারণে অনেকে কিনতে পারছেন না। তারা বলছেন, স্বাভাবিক দামের চেয়ে কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে, যা অযৌক্তিক।

এদিকে ক্রেতা কম থাকায় পুরো বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। বিক্রেতারা আশঙ্কা করছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে বিক্রি আরও কমে যাবে।

প্রাইমটিভি/এনজি