ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ছবি- সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত চিঠি জারি করে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দিনভর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে পদত্যাগে বাধ্য করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাংকটিতে উত্তেজনা বিরাজ করে। পরে দিনের শেষে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান। এরপর রাতেই খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খুরশীদ আলম বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একটি ‘চ্যালেঞ্জিং’ কাজ। তবে তিনি ব্যাংকটিকে সফলভাবে পরিচালনার ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “জুলাই আন্দোলনের পর ‘মব জাস্টিস’-এর মুখে পড়ে খুরশীদ আলমকে পদত্যাগ করতে হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগে কোনো বাধা দেখেনি কেন্দ্রীয় ব্যাংক।”
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিক তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তবে একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভের মুখে তিনি ও আরও তিন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ সম্পন্ন করা খুরশীদ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস বিভাগ, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, অফসাইট সুপারভিশন বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এবং সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জন্ম নেওয়া খুরশীদ আলমের বিরুদ্ধে অতীতে কিছু আর্থিক অনিয়মের অভিযোগ উঠলেও বাংলাদেশ ব্যাংকের তদন্তে তার সত্যতা মেলেনি বলে জানা গেছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









