আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫এ১ বাংলাদেশের গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নওজাত সারওয়াত ইসলাম।

শনিবার (৯ মে) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংগঠনটির ২দিন ব্যাপী ৩১ তম কনভেশনের শেষ দিন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ সালের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন সাবেক গভর্নর লায়ন মোবারক হোসেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন তিনি। এতে লায়ন নওজাত সারওয়াত ইসলাম গভর্নর এবং লায়ন ড. আবুল হোসেন খন্দকার ১ম ভাইস গভর্নর ও লায়ন সাবিনা সিদ্দীকা এমজেএফ ২য় ভাইস গভর্নর নির্বাচিত হন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা গভর্নর একেএম গোলাম ফারুকের সভাপতিত্বে দুইদিন ব্যাপী এই কনভেশনে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুক হক পিএমজেএফ। এ সময় এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, বিএলএফ চেয়ারম্যান রেজাউল হকসহ বিভিন্ন জেলার গর্ভনর, লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম বলেন, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য।