কোথায় যাবে আপনার ১০০ টাকা?

প্রাইম টিভি
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শীর্ষক এই বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে কর রাজস্ব থেকে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত উৎস থেকে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি কর বহির্ভূত রাজস্ব থেকে ৬৬ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের খাতে সবচেয়ে বড় অংশ যাবে সুদ পরিশোধে, যা পরিচালন বাজেটের ২০ দশমিক ৫০ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ টাকার মধ্যে ২০ টাকা ৫০ পয়সা ব্যয় হবে সুদ পরিশোধে।
এর পরই রয়েছে ভর্তুকি ও প্রণোদনা খাত, যেখানে ১৭ শতাংশ ব্যয় ধরা হয়েছে। সাহায্য মঞ্জুরি খাতে ব্যয় হবে ১৫ দশমিক ৭০ শতাংশ এবং বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া পরিচালন ব্যয়ের মধ্যে পণ্য ও সেবায় ৯ শতাংশ, অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য খাতে ৬ দশমিক ৪০ শতাংশ, পেনশনে ৫ দশমিক ৭০ শতাংশ, শেয়ার ও ইকুইটিতে ৫ দশমিক ৩০ শতাংশ, সম্পদ সংগ্রহে ৩ দশমিক ৪০ শতাংশ এবং বিবিধ খাতে ২ দশমিক ৬০ শতাংশ ব্যয় হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজেটের লক্ষ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ বাড়ানো এবং ধীরে ধীরে দেশকে উন্নত অর্থনীতির পথে এগিয়ে নেওয়া।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








