বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে

প্রতীকী ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের সময় ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে মোট লেনদেনের সময় হবে ৪ ঘণ্টা ১০ মিনিট।
মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ সংক্রান্ত তথ্য জানিয়েছে।
বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত নিয়মিত লেনদেন চলে। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়। ফলে মোট লেনদেনের সময় ছিল ৪ ঘণ্টা।
নতুন সূচি অনুযায়ী, বুধবার থেকে সকাল ১০টায় নিয়মিত লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চলবে। নিয়মিত লেনদেন শেষে দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
ডিএসইর তথ্যমতে, পোস্ট ক্লোজিং সেশনের সময় বিনিয়োগকারীরা কোনো নতুন মূল্য প্রস্তাব করতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয়ের সুযোগ থাকবে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, লেনদেনের সময় বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা অতিরিক্ত সময় পাবেন এবং বাজারে লেনদেন কার্যক্রম আরও গতিশীল হতে পারে।
নতুন সিদ্ধান্ত বুধবার (১৭ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









