বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক সপ্তাহ পর শিরোপাধারী আর্জেন্টিনার অভিযান শুরু হচ্ছে। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচটির আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

গোলপোস্টেও দেখা যেতে পারে আর্জেন্টিনার নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় প্রস্তুতি ম্যাচ ও কয়েকটি অনুশীলন সেশন মিস করেছিলেন তিনি। তবে বর্তমানে তিনি পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানা গেছে।

রক্ষণভাগে একটি পজিশন নিয়ে এখনও কিছুটা দ্বিধায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল—কে শুরু করবেন, সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে মোলিনাই আপাতত এগিয়ে রয়েছেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। সেন্টার-ব্যাকে তার সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির মাঠে নামার সম্ভাবনা বেশি।

তবে বাঁ প্রান্তে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় নিকোলাস তাগলিয়াফিকো ছিটকে গেছেন। তার পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে প্রথম একাদশে।

মিডফিল্ডে থাকছে পরিচিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন থিয়াগো আলমাদা।

সামনের সারিতে মেসির সঙ্গী হিসেবে থাকবেন দারুণ ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী তাকে বদলি হিসেবে নামানো হতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (বা গঞ্জালো মন্টিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

প্রাইমটিভি/কেআর