ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ঢাকায় ইরান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহসভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।

বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি যুদ্ধে নিহত ইরানি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানানো হয়।

গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রাইমটিভি/এনজি