রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

ছবি- সংগৃহীত
দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকার পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের নতুন ১০টি জেলায় রেল সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলাগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।
তিনি আরও জানান, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রেলপথমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা ও সেবার মান উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়।”
তিনি জানান, আখাউড়া-সিলেট রেললাইন, সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্প এবং ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল প্রকল্পসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান মিটারগেজ ও ব্রডগেজ ব্যবস্থাকে সমন্বিত করে যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করা হচ্ছে।
এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সম্ভাব্যতা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “যেখানে এখনো রেল সংযোগ নেই, সেসব জেলাকে যুক্ত করার জন্য নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ধাপে ধাপে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কাজ এগিয়ে চলছে।”
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





