সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, “এখন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমান সরকার এই স্বাধীনতা রক্ষায় কাজ করছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে এ উপলব্ধি হয়েছে। অতীতেও যায়নি, ফ্যাসিবাদী সময়েও যায়নি, ভবিষ্যতেও যাবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “বিভিন্ন গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সমাজকে ভিন্ন পথে পরিচালিত করার অপচেষ্টা চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিরোধ করতে হবে।”
বিএনপির রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিএনপিকে যদি কেউ বিপ্লবী দল মনে করেন, তাহলে তা সঠিক নয়। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। আমরা সবার সমান অধিকারে বিশ্বাসী।”
সাংবাদিকদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সাংবাদিক নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে সবচেয়ে কম ঘটেছে। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেও কিছু সংবাদমাধ্যম মালিক সাংবাদিকদের প্রতি অন্যায় আচরণ করছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান এবং বাংলাভিশনের প্রধান সম্পাদক আবদুল হাই সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




