পাবিপ্রবিতে দুইদিনব্যাপী তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু বুধবার

পাবিপ্রবি । প্রাইম টিভি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং এন্ড ইনটিলিজেন্স ইনফ্রাস্টাকচার (PECCII 2026) শীর্ষক দুইদিনব্যাপী সম্মেলন।
বুধবার (১৭ জুন) থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
গবেষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, পাওয়ার ও এনার্জি সিষ্টেম, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্কস এবং নিরাপত্তা, স্মার্ট টেকনোলজি অবকাঠামো এন্ড এ্যাডভান্স ইলেকট্রনিকস, ভিএলএসআই এন্ড ইমব্রেডেড সিষ্টেম এর মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভূক্ত করা হয়েছে।
২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পর প্রথমবারের মতো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশী বিদেশী গবেষক ও শিক্ষকদের পদচারণরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত। শেষ হবে বৃহস্পতিবার (১৮ জুন)।
পিইসিসিআইআই আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও বিশেষজ্ঞরা এর সঙ্গে জড়িত। আয়োজকদের মতে, সম্মেলনটি বাংলাদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দেশের গবেষণা ও উদ্ভাবনকে বৈশ্বিক অঙ্গনে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপনের সুযোগ সুষ্টি করবে।
বুধবার সকাল ১১টায় পাবিপ্রবি অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। প্রথমদিনে মূল প্রবন্ধ উপস্থাপন সেশনে বক্তব্য দিবেন, জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দিবেন, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। যুক্তরাষ্ট্রের স্মার্ট গ্রিড, টেকসই জ্বালানী এবং বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বে দেওয়া গবেষক অধ্যাপক ড. সাইফুর রহমানসহ দেশী-বিদেশী শতাধিক শিক্ষক ও গবেষক।
দ্বিতীয়দিন বৃহস্পতিবার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। প্রবন্ধ উপস্থাপন করবেন, জাপানের ইয়ামাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শি সিয়াং লিইও, মালয়েশিয়ার ইউ কে এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিয়ানচুরিও মৌরি, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষক বুয়েটের অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অস্ট্রেলিয়ার বায়োইনফরমেটিক্স, স্বাস্থ্য তথ্যবিজ্ঞান, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি, অস্ট্রেলিয়ান গবেষক ড. রিপন কুমার চক্রবর্তী ও কানাডার স্মার্ট গ্রিড ও আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইনোসেন্ট কামওয়া।
এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এছাড়া টেকনিক্যাল প্রোগাম কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে স্বাগত জানাই। জাতির উন্নয়নে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন যুগোপযোগী। এই সম্মেলন থেকে টেকসই উন্নয়নের উপায় বের হবে বলে আমি আশাবাদি। বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য গবেষণা করা। এই সম্মেলনের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বৃদ্ধি পাবে। সম্মেলন থেকে অনুপ্রানিত হয়ে আরও নতুন নতুন গবেষণায় উদ্বুদ্ধ হবেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান্নোয়ন বৃদ্ধি ও আন্তর্জাতিক গবেষকদের সাথে আমাদের সংশ্লিষ্টতা তথা সেতুবন্ধন রচিত হবে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




