‘ব্রাজেন্টিনা’ দিয়ে অভিনয়ে নামছেন ফুটবলার জামাল ভূঁইয়া, নায়িকা কে

ফুটবলার জামাল ভূঁইয়া । প্রাইম টিভি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার মাঠের বাইরে ক্যামেরার সামনেও। আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সোমবার রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। আগামী ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটি।
তারিক মুহাম্মাদ হাসানের পরিচালনায় নির্মিত এ সিরিজে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।
এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও ওয়েব সিরিজে এটাই জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়। তিনি জানান, শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও পরিচালকের কাজ দেখে এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত রাজি হন।
অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, বিষয়টি তার কাছে জাদুকরির মতো মনে হলেও কাজটি বেশ কঠিন। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হলেও তিনি তা উপভোগ করছেন।
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান জানিয়েছেন, অভিনয়ে নতুন হলেও জামাল ভূঁইয়ার আন্তরিকতা ও শেখার আগ্রহ প্রশংসনীয়। খুব দ্রুত অভিনয়ের ভাষা রপ্ত করে নিচ্ছেন তিনি।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনাকে কেন্দ্র করেই ‘ব্রাজেন্টিনা’র গল্প নির্মিত হয়েছে। দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতেই সিরিজটিতে জামাল ভূঁইয়াকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে ক্রীড়াতারকাদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। সেই ধারাবাহিকতায় এবার ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









