জুনের ২০ দিনে প্রবাসী আয় ১৯৫ কোটি ডলার

ছবিঃ সংগৃহীত
দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ে যেন উৎসবের হাওয়া লেগেছে। চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুন পর্যন্ত আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকে সর্বোচ্চ ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরজুড়েই প্রবাসী আয়ের এই শক্তিশালী প্রবাহ বজায় ছিল। এর আগে মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪২ কোটি ৫০ লাখ ডলার এবং মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলেও রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলারের ওপরে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









