দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে মোহাম্মদ সালাহর দল নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও জয়ের মুখ দেখেনি ফারাওরা। আগের ৮ ম্যাচের কোনোটিতেই জয় না পাওয়া মিসরের জন্য আজকের এই জয়টি তাই অত্যন্ত ঐতিহাসিক।

image-573631

অবশ্য ম্যাচের শুরুতে বড় ধাক্কা খেয়েছিল মিসরই। খেলার ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়র্যা্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মিসর। মাত্র ২৪ মিনিটের ঝড়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ৫৮ মিনিটে মোস্তফা জিকো গোল করে সমতা ফেরান। এরপর ৬৭ মিনিটে দলের মহাতারকা মোহাম্মদ সালাহ এবং ৮২ মিনিটে ত্রেজেগে গোল করে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ৭টায় শুরু হওয়া এই ম্যাচে দুই দলই মাঠে নেমেছিল জয়ের লক্ষ্যে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছিল মিসর। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল। এই জয়ের ফলে বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে বেশ এগিয়ে গেল মোহাম্মদ সালাহর মিসর।

প্রাইমটিভি/বিএম