বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’

ছবিঃ সংগৃহীত
বক্স অফিসে রেকর্ড গড়ে রাজত্ব করছে পিক্সারের নতুন অ্যানিমেশন চলচ্চিত্র ‘টয় স্টোরি ৫’। উত্তর আমেরিকার ৪,৪২৫টি প্রেক্ষাগৃহ থেকে রেকর্ড ১৬০ মিলিয়ন ডলার আয় করে মার্কিন বক্স অফিসের শীর্ষে রয়েছে সিনেমাটি। এটি ‘সুপার মারিও গ্যালাক্সি’ মুভিকে (১৩১.৭ মিলিয়ন ডলার) পেছনে ফেলে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
শুধু তাই নয়, এটি ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’-এর ১২০ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সর্বোচ্চ উদ্বোধনী আয়। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে ইতিমধ্যে ৩১২ মিলিয়ন ডলার আয় করেছে। অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ওপেনিং, যার সামনে কেবল রয়েছে ‘ইনক্রেডিবলস ২’।
অভিজ্ঞ পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটনের পরিচালনায় এই পঞ্চম কিস্তিতে টম হ্যাঙ্কস (উডি) ও টিম অ্যালেনদের (বাজ লাইটইয়ার) দেখা যাবে এক নতুন লড়াইয়ে। এবারের গল্পে তাদের মালিক ‘বনি’ খেলনা ছেড়ে ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে। গ্যাজেটের দুনিয়া থেকে তাকে ফিরিয়ে আনার মজার গল্পই এতে ফুটে উঠেছে। সিনেমাটির সাউন্ডট্র্যাকে বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটের নতুন গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ বাড়তি আকর্ষণ যোগ করেছে।
রটেন টমেটোজে ৯৪% রেটিং এবং দর্শকদের ‘এ’ গ্রেড পাওয়া সিনেমাটি খুব দ্রুতই ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






