পরীমনিকে নিয়ে সব চর্চার অবসান, আংটিবদল করলেন গায়ক শেখ সাদী

ছবিঃ সংগৃহীত
ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে নানামুখী গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। সম্প্রতি পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তার আংটিবদল অনুষ্ঠান সম্পন্ন হয়। গায়ক নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে এই আংটিবদলের আয়োজন করা হয়।

সাক্ষাৎকারে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন এবং সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়। তাদের পছন্দেই সাদী সম্মতি দেন।
এর আগে বিভিন্ন সময়ে অভিনেত্রী পরীমনির সঙ্গে সাদীর দেখা হওয়া এবং একটি মামলায় আদালতে পরীমনির জামিনদার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনা ও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এই বাগদানের মাধ্যমে সেই সব চর্চায় ইতি পড়ল। ‘ললনা’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া শেখ সাদী গানের পাশাপাশি ‘শহরের নতুন অতিথি’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়েও নাম লিখিয়েছেন।
প্রাইমটিভি/বিএম







