কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩ জুন ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে মোতায়েন থাকবে। রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, নাশকতা ও বিশৃঙ্খলা রোধে রাজধানীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানসহ ঢাকার সব প্রবেশপথে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হবে। নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি এবং সাদাপোশাকে এসবি ও আইএডি নজরদারি চালাবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং ৪টি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হবে। ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে এই নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।

এদিকে চলতি জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, এই ২০ দিনে বিভিন্ন অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন এবং ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরি, দস্যুতা ও ডাকাতির ঘটনায় যথাক্রমে ১২১, ১১৩ ও ১২০ জন এবং বিভিন্ন ইউনিট ও থানার অভিযানে ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

প্রাইমটিভি/বিএম