শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ জুলাই থেকে শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী । প্রাইম টিভি
আগামী জুলাই মাস থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে মিড ডে মিল কর্মসূচি চালু এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (১৫ জুন) মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সেশনজট কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতে পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, আগামীর বাংলাদেশ গঠনের লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরি করতে শিক্ষা খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বাজেটে জিডিপির দুই শতাংশ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে দেশের প্রাথমিক শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। পর্যায়ক্রমে স্কুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রায় দুই কোটি আঠারো লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








