সব বোর্ডে এক প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু একই, সেসব বিষয়েও এক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থায় সমতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও সামঞ্জস্যতা আসবে।”
তিনি আরও জানান, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
ড. মিলন বলেন, “শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে শিক্ষক নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছে।”
শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৫১ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তার হাতে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









