মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি দুই দিনের ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের বিশেষ ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।
এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রোববার (২১ জুন) দুই দিনের সফরে মালয়েশিয়া সফরে যান। সফর শেষে এখন তিনি চীনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







