ঈদে প্রেক্ষাগৃহে ৯ সিনেমার লড়াই, বাড়ছে দর্শক আগ্রহ

সংগৃহীত
বরাবরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে মোট ৯টি চলচ্চিত্র, যা সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। দেশের প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, “একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।” তবে দর্শকদের জন্য এটি বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ তৈরি করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মুক্তির তালিকায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন আগেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। জানা গেছে, সিনেমাটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ঈদের আরেক বড় আকর্ষণ ‘মাসুদ রানা’। সৈকত নাসির পরিচালিত এই স্পাই থ্রিলারটি নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। মুক্তির আগে সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলারও আলোচনায় ছিল।
‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ অনেকে।
এদিকে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।
এছাড়াও ঈদের সিনেমার তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব, মাহিয়া মাহিসহ আরও অনেকে।
একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঈদ উৎসবকে ঘিরে চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ ফিরে আসবে বলেও মনে করছেন নির্মাতা ও প্রদর্শকরা।
প্রাইমটিভি/কেআর










