পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত ও কৌশিক গাঙ্গুলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-র সাফল্যের পর এবার আসছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও অমীমাংসিত অতীতের গল্প নিয়ে নির্মিত নতুন এই ছবির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতা। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

369d10b95c24026d9acf04c4cfd0dec672152c53f7e62d9a

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র সুমনের অসুস্থতাকে ঘিরে তার সাবেক স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আবেগঘন এক সম্পর্কের জটিলতা ফুটে উঠেছিল পর্দায়।

সেই গল্পেরই ধারাবাহিকতায় গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’-র শুটিং শুরু হয়। নতুন কাহিনিতে সময় এগিয়ে গেছে কয়েক বছর। এবার একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হবেন সুমন (কৌশিক সেন), শুভ্রা (চূর্ণী গাঙ্গুলি) ও মেঘনা (জয়া আহসান)। তবে অতীতের স্মৃতি এবার শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বর্তমানের সম্পর্ক ও সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করবে। ফলে পর্দায় আবেগ ও দ্বন্দ্বের মাত্রা আরো বেড়ে যাবে।

dhakatoday1765436378_E0_A6_9C_E0_A7_9F_E0_A6_BE_20_E0_A6_86_E0_A6_B9_E0_A6_B8_E0_A6_BE_E0_A6_A8

নির্মাতা কৌশিক গাঙ্গুলির ভাষ্য অনুযায়ী, এই পর্বে চরিত্রগুলোর অজানা অনেক দিক সামনে আসবে। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সত্য উদ্ঘাটন তিনটি জীবনের সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাবে। সিনেমাটিতে প্রধান তিন চরিত্রের পাশাপাশি এবার নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।

ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জয়া আহসান বলেন, “‘অর্ধাঙ্গিনী’ ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিক্যুয়ালের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।”

সুরিন্দর ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি দুই বাংলার দর্শকদের মধ্যেই নতুন করে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে।

প্রাইমটিভি/বিএম