মুক্তির মাত্র তিন দিনেই আয় ৩১২ মিলিয়ন ডলার

ছবিঃ সংগৃহীত ‘টয় স্টোরি’-র পঞ্চম
অ্যানিমেশন সিনেমার ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’-র পঞ্চম সিরিজ। বিশ্বখ্যাত সাময়িকী ‘ভ্যারাইটি’-র তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনেই ‘টয় স্টোরি ৫’ বিশ্বব্যাপী রেকর্ড ৩১২ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।
এটি ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড। একই সাথে এ বছর হলিউডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেন্ড কালেকশনও এটি। এই আয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজার থেকে এসেছে ১৬০ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৫২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারের মধ্যে আয়ের শীর্ষে রয়েছে মেক্সিকো, যুক্তরাজ্য ও চীন। এর আগে ২০১৯ সালে ‘টয় স্টোরি ৪’ প্রথম উইকেন্ডে ২৩৮ মিলিয়ন ডলার আয় করেছিল।
২৫০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু স্ট্যান্টন। এবারের গল্পে বর্তমান সময়ের এক বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে শিশুরা খেলনার চেয়ে গ্যাজেট বা প্রযুক্তির প্রতি বেশি আসক্ত। গল্পে দেখা যায় উডি, বাজ লাইটইয়ারদের মালিক বনি ‘লিলিপ্যাড’ নামের একটি নতুন স্মার্ট ট্যাবলেটে আসক্ত হয়ে পড়লে পুরো দল এক নতুন সংকটে পড়ে। ছবিটিতে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস ও টিম অ্যালেনের মতো তারকারা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







