টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সৌদি আরব সফরের সময় তিনি আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলাম গ্রহণের পর জানকার্লো মরক্কোর একটি মসজিদে তার শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। ইতোমধ্যে মসজিদের ভেতর তার নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

WhatsApp Image 2026-06-22 at 8.46.03 AM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সৌদি আরবে বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং করছেন এই অভিনেতা। সেখানে অবস্থানকালে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর জীবনযাত্রা, আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে গভীরভাবে প্রভাবিত করে, যা শেষ পর্যন্ত তাকে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।

কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে জানকার্লো এস্পোসিতো হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিকভাবে বিশেষভাবে প্রশংসিত ও খ্যাত।

প্রাইমটিভি/বিএম