মুক্তি পেল ‘হাউস অব দ্য ড্রাগন’ সিজন ৩

ছবিঃ সংগৃহীত
দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরেছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’। গতকাল রোববার (২১ জুন) মার্কিন সম্প্রচার মাধ্যম এইচবিও এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ প্রিমিয়ার হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিরিজের তৃতীয় সিজন।

বিখ্যাত লেখক জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি মূলত কালজয়ী ‘গেম অব থ্রোনস’-এর পটভূমির প্রায় ২০০ বছর আগের গল্প। টারগেরিয়ান বংশের ভেতরের জটিল সমীকরণ, রাজনৈতিক কূটচাল আর ড্রাগনদের রক্তক্ষয়ী গৃহযুদ্ধকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত হয়েছে। মার্কিন সময় রাত ৯টায় মুক্তি পাওয়া এই সিজনের প্রথম পর্বটি ছিল প্রায় ৭২ মিনিটের, যা এই সিরিজের ইতিহাসে দীর্ঘতম পর্ব।

নতুন এই সিজনে মোট ৮টি পর্ব থাকবে এবং প্রতি রোববার একটি করে পর্ব প্রকাশ পাবে। আগামী ৯ আগস্ট মুক্তি পাবে এর শেষ পর্ব। প্রথম দুই সিজনে মূলত ব্ল্যাক ও গ্রিন—এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি ও জোট গঠনের ওপর জোর দেওয়া হলেও, তৃতীয় সিজনে সরাসরি ড্রাগনদের বিধ্বংসী যুদ্ধ দেখানো হবে। এমা ডি’আর্সি, ম্যাট স্মিথ ও অলিভিয়া কুকদের পাশাপাশি এবার নতুন যুক্ত হয়েছেন টমি ফ্ল্যানাগান ও ড্যান ফগলারের মতো তারকারা। নির্মাতারা জানিয়েছেন, মূল উপন্যাসের চেয়ে চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা দর্শকদের জন্য নতুন চমক সৃষ্টি করবে।
প্রাইমটিভি/বিএম








