হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ছে। দুটি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়ার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার জাহাজ তিনটিকে লক্ষ্য করে অভিযান চালায় আইআরজিসি। এর মধ্যে ‘এপামিনোডেস’ নামের একটি জাহাজে গুলি চালানো হয়, কারণ সেটি ইরানি বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল। একইভাবে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজকেও গুলি করে থামানো হয়। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, পরে ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের তৃতীয় জাহাজটিকেও লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফারস নিউজ অ্যাজেন্সি বলছে, পুরো অভিযানে বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি জড়িত ছিল। এদিকে আইআরজিসির নৌ কমান্ড দাবি করেছে, জব্দ করা জাহাজগুলো অনুমতি ছাড়া চলাচল করছিল এবং ন্যাভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জাহাজ দুটির মালামাল ও নথিপত্র পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।