ভারতের ওডিশার এক উপজাতীয় ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়ে হয়েছেন। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি তার বড় বোন কলরা মুন্ডার নামে ব্যাংকে জমা থাকা অর্থ তুলতে কঙ্কালটি নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ওডিশার কেওনঝাড় জেলার পাতনা ব্লকের মালিপোসি শাখার একটি ব্যাংকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই ব্যক্তির নাম জীতু মুন্ডা। তিনি পুলিশকে জানান, ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাকে বলেছিল “অ্যাকাউন্ট হোল্ডারকে নিয়ে আসতে”, তাই তিনি এই কাজ করেছেন। তার বোন কলরা মুন্ডা ২৬ জানুয়ারি মারা যান। তিনি প্রয়াত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০,০০০ রুপি তুলতে চেয়েছিলেন।

জীতু সাংবাদিকদের বলেন, “আমি বহুবার ব্যাংকে গিয়েছি। তারা আমাকে বলেছে টাকা তুলতে হলে অ্যাকাউন্ট হোল্ডারকে নিয়ে আসতে হবে। আমি বলেছি সে মারা গেছে, কিন্তু তারা শোনেনি এবং একই কথা বলেছে। তাই ক্ষোভে আমি কবর খুঁড়ে তার কঙ্কাল তুলে প্রমাণ হিসেবে নিয়ে যাই।”

পাতনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ব্যাংক কর্তৃপক্ষ জীতুকে সঠিকভাবে টাকা তোলার প্রক্রিয়া বোঝাতে ব্যর্থ হয়েছে।”

তিনি বলেন, “জীতু একজন অশিক্ষিত উপজাতীয় ব্যক্তি। তিনি নমিনি বা আইনি উত্তরাধিকার সম্পর্কে জানেন না। ব্যাংক কর্মকর্তারা তাকে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সঠিক প্রক্রিয়া বুঝিয়ে বলতে পারেননি।”

তবে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) মনাস দান্ডপাত জানান, তিনি এই ঘটনার কথা প্রথমবার শুনেছেন। তিনি বলেন, “আজই আমি বিষয়টি জানতে পেরেছি। আমরা দেখব কীভাবে এটি সমাধান করা যায়।”

পরে পুলিশ হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে আশ্বাস দেয় যে তার মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের ব্যবস্থা করা হবে এবং পুলিশি তত্ত্বাবধানে কঙ্কাল আবার কবরস্থানে দাফন করা হয়।