রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে মস্কোর কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে রাশিয়া প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠককালে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা তিনি পেয়েছেন। খবর দিয়েছে দ্যা মিডল ইস্ট মনিটর।

পুতিন বলেন, “আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান তাকে পৌঁছে দেবেন।” তিনি আরও জোর দিয়ে বলেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক শুধু অব্যাহতই থাকবে না, বরং তা আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা হবে।

রুশ প্রেসিডেন্ট ইরানের জনগণের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং দেশে দ্রুত শান্তি ফিরে আসবে।

পুতিন আরও বলেন, রাশিয়া ইরান এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্বার্থে কাজ করবে। তিনি বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনার দেশ ও পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন।