ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

নাহিদা সুলতানা বৃষ্টি | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির- এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমন দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে। অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
পরবর্তীতে একই এলাকার কাছাকাছি আরেকটি অজ্ঞাত মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়, যা পরে নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মরদেহটির পরনে থাকা পোশাকের সঙ্গে সিসিটিভি ফুটেজে বৃষ্টির শেষবার দেখা পোশাকের মিল রয়েছে।
এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









