ভারতের রিজার্ভে রেকর্ড পতন, কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে ৬৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
শুক্রবার (১ মে) দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়।
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের সবচেয়ে বড় অংশ বিদেশি মুদ্রা সম্পদ (এফসিএ) ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৫৫৪ দশমিক ৬২ বিলিয়ন ডলারে। একই সময়ে স্বর্ণের মজুত ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার কমে ১২০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
এ ছাড়া বিশেষ আঁকার অধিকার (এসডিআর) ৬ কোটি ৭০ লাখ ডলার কমে ১৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) ভারতের রিজার্ভও কমে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ৫০ লাখ ডলার কম।
এর আগে, ১৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার বেড়ে ৭০৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দেশটির রিজার্ভ সর্বোচ্চ ৭২৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বাজারে হস্তক্ষেপের কারণে রিজার্ভে চাপ তৈরি হয়েছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, বৈদেশিক মুদ্রাবাজার তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









