তেলের সরবরাহ সচল রেখেই চাপ বাড়ানোর কৌশল যুক্তরাষ্ট্রের

ছবিঃ সংগৃহীত
ইরানের ওপর আর্থিক চাপ প্রয়োগের কৌশল কাজ করবে বলে ফের জোরালো দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি অবরোধের ফলে ইরানিদের লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চলমান নিষেধাজ্ঞাগুলো দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। এছাড়া, এই ক্রমবর্ধমান চাপের মুখে তেহরান শেষ পর্যন্ত তার শর্তানুযায়ী আলোচনায় বসতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ একটি নতুন ঘোষণা দিয়েছে। এখন থেকে যারা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে টোল প্রদান করবে, সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটিকে অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখছেন তারা।
পাশাপাশি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি নতুন উদ্যোগের কথাও জানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট। যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে।
মূলত, এটি এমন একটি জাহাজ জোট যারা এই প্রণালি ব্যবহারের জন্য আমেরিকার শর্তাবলিতে সম্মত হবে। বিনিময়ে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো তাদের নিরাপত্তা দিয়ে পার করে দেবে এবং তাদের কোনো টোল দিতে হবে না।
পুরো বিষয়টি বেশ জটিল হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। একদিকে তারা হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রাখতে চায়, অন্যদিকে বিশ্ববাজারে তেলের সরবরাহও সচল রাখতে চায়। যেহেতু তেলের অভাব বিশ্ব অর্থনীতিতে এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









