লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার টাম্পা ক্যাম্পাসে নির্মম হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী, নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের স্মরণে অনুষ্ঠিত হয়েছে শোকসভা।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ক্যাম্পাসের প্রিসেন্ট হিলে আয়োজিত এ শোকসভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সাধারণ শিক্ষার্থী ও স্বজনরা।
প্রিয় দুই সহপাঠীকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন তাদের ঘনিষ্ঠ বন্ধুরা।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, নাহিদা ও জামিল আমাদের পরিবারেরই অংশ ছিল। তাদের স্মরণে ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানেও তাদের বিশেষভাবে সম্মান জানানো হবে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় জামিল লিমনের রুমমেটকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত দুইটি হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে মার্কিন প্রসিকিউটররা।
শোকের এই মুহূর্তে বিচার দাবির পাশাপাশি পুরো ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে নীরবতা। চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহত নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জামিল লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তাদের এই অকাল মৃত্যুতে শোকাহত দেশ-বিদেশের বাংলাদেশি শিক্ষার্থীরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









