হরমুজ প্রণালি হবে মার্কিনীদের কবরস্থান: ইরান

আইআরজিসি-র সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালিকে মার্কিন নৌবাহিনীর জন্য কবরস্থান বানানোর ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে ইরান। তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব এবং আইআরজিসি-র সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে এই কঠোর হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম এই জলপথ নিয়ে এমন মন্তব্য বিশ্ব অর্থনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রেজায়ি দাবি করেন, মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে। ইসফাহানে বিধ্বস্ত মার্কিন বিমানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি হবে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সমাধি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন, তেহরান কোনো খারাপ আচরণ করলে পুনরায় সামরিক হামলা চালাতে দ্বিধা করবে না ওয়াশিংটন। তবে উত্তেজনার মধ্যেই তিনি স্বীকার করেছেন যে, ইরানের পক্ষ থেকে একটি চুক্তির খসড়া প্রস্তাবের কথা তাকে জানানো হয়েছে। যদিও তিনি এখনও সেটি বিস্তারিত দেখেননি, তবে বিশ্লেষকরা একে সামরিক শক্তি প্রদর্শন ও আলোচনার দরজা খোলা রাখার এক কৌশলী অবস্থান হিসেবে দেখছেন।
সংঘাতময় এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবের মূল শর্তগুলো হলো- ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্তি ও যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, ৩০ দিনের মধ্যে নৌ-অবরোধ তুলে নেয়া এবং ইরান-লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা।
এই ১৪ দফার কূটনৈতিক তৎপরতাকে বিশ্লেষকরা একটি সম্ভাব্য শুভ সূচনা বা সংঘাত অবসানের পথ হিসেবে দেখছেন। তবে ইরান এর বিনিময়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা চেয়েছে। চুক্তির সময়সীমা দুই মাস থেকে কমিয়ে এক মাস করার ওপরও জোর দিয়েছে তেহরান।
যদি এই ১৪ দফার ভিত্তিতে কোনো সমঝোতা না হয়, তবে পারমাণবিক কর্মসূচি ও নৌ-নিরাপত্তা নিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রশাসন ও তেহরানের এই অনড় অবস্থান বর্তমানে বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় এক উদ্বেগের কারণ দাড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









