নতুন অস্ত্র উন্মোচনের ইঙ্গিত তেহেরানের, টাম্পের কপালে চিন্তার ভাঁজ

ছবিঃ সংগৃহীত
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তেহরান খুব শীঘ্রই এমন একটি অত্যাধুনিক মারণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা নিয়ে শত্রুপক্ষ চরম আতঙ্কে রয়েছে। তার ভাষায়, এই অস্ত্র এতটাই ভয়ংকর যে তা দেখলে শত্রুপক্ষের ‘হার্ট অ্যাটাক’ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
শুধু তাই নয়, তিনি দাবি করেন, এই রহস্যময় অস্ত্র ইতোমধ্যেই শত্রুদের হাতের নাগালের মধ্যেই অবস্থান করছে। ফলে যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে শাহরাম ইরানি আরও দাবি করেন, ইরানের পাল্টা হামলায় মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। তার দাবি, অন্তত সাতবার ক্ষেপণাস্ত্র হামলার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রণতরী থেকে কোনো যুদ্ধবিমান উড্ডয়ন সম্ভব হয়নি।
অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে এখন পর্যন্ত পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শতাধিক প্রতিশোধমূলক হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি। সবচেয়ে বড় হুঁশিয়ারি এসেছে হরমুজ প্রণালী ঘিরে।
ইরানি নৌবাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে তাদের, এবং ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারবে না। এমনকি, কেউ সীমারেখা অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণাগুলো শুধু সামরিক শক্তির প্রদর্শনই নয়, বরং গোটা অঞ্চলে নতুন করে উত্তেজনার বার্তা দিচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









