ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে প্রাথমিক ফলাফলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তবে শুরুতে এগিয়ে রয়েছে বিজেপি, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৯৩টি আসনে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৬টি আসনে।

প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের নির্বাচনে তার দলের অবস্থান কিছুটা চাপে পড়েছে বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত মিলছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে।

এদিকে ভোট গণনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টার দিকে প্রকাশিত ওই ভিডিওতে তিনি দলের প্রার্থী ও এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে রয়েছে, সেগুলোর সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

এর আগে তিনি মন্তব্য করেছিলেন, “সূর্যাস্তের পরে তৃণমূলই জিতবে।”

চূড়ান্ত ফলাফলের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে, তবে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।