পরিবার বিয়ে দিচ্ছে না, পুলিশের কাছে পাত্র চাইলেন তরুণী

প্রতিকী ছবি- সংগৃহীত;
ভারতের উত্তরপ্রদেশের সরাই ইনায়ত এলাকায় এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের বিয়ের পথে বারবার বাধা সৃষ্টি করার অভিযোগে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধেই থানায় মামলা করেছেন মাধুরী প্যাটেল নামের এক তরুণী। তবে শুধু মামলা করেই ক্ষান্ত হননি তিনি; পুলিশের কাছে তাঁর আকুল আবেদন- পুলিশ যেন নিজেই উদ্যোগী হয়ে তাঁর জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে দেয়।
মাধুরীর অভিযোগের তীর মূলত তাঁর ভাই ও দুলাভাইয়ের দিকে। তিনি দাবি করেছেন, দীর্ঘ ২০ বছর ধরে তিনি পরিবারের কাছ থেকে আলাদা থাকছেন এবং নিজের খরচ নিজেই চালাচ্ছেন। এত সংগ্রাম সত্ত্বেও তাঁর পরিবার তাঁর প্রতি কোনো দায়িত্ব পালন করছে না। বরং যখনই কোনো ভালো বিয়ের প্রস্তাব আসছে, বিয়ের খরচ বাঁচানোর অযুহাতে তাঁর ভাই ও দুলাভাই সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দিচ্ছেন। মাধুরীর অভিযোগ, কেবল অর্থনৈতিক কারণেই তাঁর সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে তাঁর আপনজনেরা।
বিয়ের বাধার পাশাপাশি পারিবারিক সম্পত্তি নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন মাধুরী। তিনি জানান, তাঁর ভাই কৌশলে পারিবারিক সম্পত্তির বড় একটি অংশ নিজের নামে লিখে নিয়েছেন। এখন সম্পত্তির মালিক হওয়ার পর তিনি বোনের বিয়ের দায়িত্ব নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে এমন মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে করতে মাধুরী এখন ক্লান্ত। তিনি পুলিশকে জানিয়েছেন, একা জীবন আর টেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি এখন একটি নিরাপদ ও সম্মানজনক পারিবারিক জীবনে স্থির হতে চান।
স্থানীয় পুলিশ প্রশাসন মাধুরী প্যাটেলের এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মাধুরীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে এবং তাঁদের জবানবন্দি নেওয়া হবে। সব পক্ষের বক্তব্য শোনার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশের কাছে পাত্র খুঁজে দেওয়ার এমন মানবিক ও নিরুপায় আবেদন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









