পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনার দিনে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা। প্রথমবারের মতো বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা ৯৮ বছর বয়সী মাখনলাল সরকার। আর তাকে দেখেই এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি প্রবীণ এই নেতাকে জড়িয়ে ধরেন এবং পরে ঝুঁকে পড়ে তার আশীর্বাদ নেন। মুহূর্তেই সেই দৃশ্য অনুষ্ঠানের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন গড়ে তুলতে নীরবে কাজ করে গেছেন শিলিগুড়ির বাসিন্দা মাখনলাল সরকার। দলের একেবারে শুরুর সময় থেকে মাঠপর্যায়ে সক্রিয় থাকা এই নেতাকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন প্রধানমন্ত্রী মোদি।

পোস্টে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের এই ঐতিহাসিক দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জাতির প্রতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রতি তার অবদানের কথা স্মরণ করা স্বাভাবিক। তার স্বপ্ন বাস্তবায়নে কোনো প্রচেষ্টার ঘাটতি রাখা হবে না বলেও উল্লেখ করেন মোদি।

একই পোস্টে প্রধানমন্ত্রী জানান, মাখনলাল সরকার একজন নিষ্ঠাবান জাতীয়তাবাদী হিসেবে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজ করেছেন। এমনকি জম্মু ও কাশ্মীর সফরে তার সফরসঙ্গী হিসেবেও ছিলেন এবং সে সময় গ্রেপ্তার হয়েছিলেন।

মোদি আরও বলেন, মাখনলাল সরকার তার পুরো জীবন বিজেপির জন্য উৎসর্গ করেছেন এবং বাংলাজুড়ে দলের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের মাঝে থেকে দলকে শক্তিশালী করা এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব দলে থাকায় বিজেপি গর্বিত।