পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অসহনীয় গরম ও তীব্র দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসব্যাপী দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১১ মে) পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এই ছুটি শুরু হবে এবং তা কার্যকর থাকবে ২৩ আগস্ট পর্যন্ত। দীর্ঘ এই বিরতি শেষে আগামী ২৪ আগস্ট পুনরায় স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজেও জনস্বার্থে নেওয়া এই বিশেষ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সরকার নির্ধারিত সময়ের আগেই এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।