যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠানো তেহরানের জবাব রোববার নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব তিনি পড়েছেন এবং সেটি তার কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য মনে হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও কবে বা কীভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুরোপুরি খুলে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি ইরান।

এর আগে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয়। পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যুতে আলোচনা শুরুর আগে যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে তেহরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাসহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশের মাত্রা কমিয়ে আনার এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছে।

একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানই ইরানের এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্রঃ আলজাজিরা