পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর জানিয়েছে দ্য ডন

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গুরুতর আহত কয়েকজনকে বান্নুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন।

নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে।

এর আগে, গত শনিবার রাতে বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। সাম্প্রতিক এ হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।