ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ অথবা ক্ষমতা থেকে সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি জানানো লেবার পার্টির এমপির সংখ্যা বেড়ে এখন ৮১ জনে পৌঁছেছে। সর্বশেষ এই তালিকায় যোগ দিয়েছেন মোরক্যাম্ব ও লুনসডেলের এমপি লিজি কোলিংগে।

মঙ্গলবার (১২ মে) ব্রিটিশ রাজনীতিতে এই নাটকীয় মোড় আসে, যখন একের পর এক লেবার এমপি প্রধানমন্ত্রীকে দায়িত্ব ছাড়ার প্রকাশ্যে আহ্বান জানাতে শুরু করেন।

লিজি কোলিংগে এক কড়া বিবৃতিতে জানান যে, কিয়ের স্টারমার জনগণের আস্থা হারিয়েছেন। তিনি বলেন, আমার প্রথম দায়িত্ব আমার নির্বাচনী এলাকার মানুষ ও দেশের প্রতি। প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা হারিয়েছেন—এটি এখন স্পষ্ট। তাই আমি তাকে সরে দাঁড়ানোর এবং নতুন নেতৃত্বের কাছে সুশৃঙ্খলভাবে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।

বিবিসির রাজনৈতিক সংবাদদাতা হ্যারি ফার্লের বিশ্লেষণ অনুযায়ী, লেবার পার্টির মোট এমপির ২০ শতাংশ (৮১ জন) যদি প্রকাশ্যে অন্য কোনো প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন, তবেই আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।

৮১ জন এমপি স্টারমারের পদত্যাগ চাইলেও তারা এখনো বিকল্প কোনো একক প্রার্থীর পক্ষে একজোট হননি। যেহেতু তারা এখনো বিকল্প নেতার নাম চূড়ান্ত করেননি, তাই নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটি এখনো ঝুলে আছে।

এত বিপুল সংখ্যক এমপির বিরোধিতা সত্ত্বেও পদত্যাগের প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছেন কিয়ের স্টারমার। মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি পদত্যাগ করবেন না এবং তার মতে, নেতৃত্ব পরিবর্তনের কোনো প্রতিযোগিতা এখনো শুরু হয়নি।

ব্রিটেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্টারমার নিজের অবস্থান ধরে রাখতে চাইলেও দলের ভেতরে বাড়তে থাকা এই অসন্তোষ তার প্রধানমন্ত্রিত্বের ওপর বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।