ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে শারীরিক কিছু পরীক্ষার জন্য তাকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বর্তমানে ৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দলীয় ও হাসপাতাল সূত্র জানিয়েছে, এবারকার ভর্তির কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এটি পূর্বনির্ধারিত চিকিৎসা প্রক্রিয়ার অংশ নাকি নতুন কোনো শারীরিক জটিলতা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। গত ২৪ মার্চ জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় চিকিৎসকরা জানান, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালটির চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ জানিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন সোনিয়া গান্ধী।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সিস্টেমিক ইনফেকশন এমন একটি অবস্থা যেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু রক্তপ্রবাহে ছড়িয়ে পুরো শরীরে সংক্রমণ তৈরি করে। বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণকে বেশ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়।

এদিকে, সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। কংগ্রেসের নেতা-কর্মীসহ বিভিন্ন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা তদারকি করছে।

প্রাইমটিভি/এনজি