পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানএ নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের একটি বহরের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গোলাগুলি শুরু হয়। এতে পাঁচ সেনা সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় সেনারা একদল সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। এ সময় গোলাগুলিতে সাতজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।

এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন (বিএলএ)। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে তারা সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সক্রিয়তা বাড়িয়েছে বিএলএ। বিশেষ করে এ অঞ্চলে কর্মরত পাকিস্তানের অন্যান্য প্রদেশের নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ জন যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা দুই দিনব্যাপী প্রাণঘাতী অবরোধের সৃষ্টি করেছিল।

এদিকে পাকিস্তান সেনাবাহিনী নিহতদের ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ করেছে।
প্রাইমটিভি/এমএইচ