আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে ‘পার্টনারশিপ’ গড়ে তুলছে রাশিয়া। একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আঞ্চলিক অন্যান্য দেশকেও উৎসাহ দিচ্ছে মস্কো।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু বলেছেন, আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা অঞ্চলটির নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, তালেবান সরকারের সঙ্গে রাশিয়া ধাপে ধাপে সংলাপ এগিয়ে নিচ্ছে। এ সহযোগিতার আওতায় নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি এবং মানবিক সহায়তার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

চীনের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে এসব মন্তব্য করেন শোইগু। এসসিওর সদস্যদের মধ্যে রয়েছে চীন, ভারত, ইরান, পাকিস্তানসহ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র।

শোইগু আরও বলেন, আফগানিস্তানকে কেন্দ্র করে এসসিওর যোগাযোগ গ্রুপ পুনরুজ্জীবিত করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর তালেবান দেশটির ক্ষমতা গ্রহণ করে। পরে ২০২৫ সালে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয় রাশিয়া।

প্রাইমটিভি/এমএইচ